২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সীমান্তে ৩১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, মাসিলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৭৮ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ১৫১টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল, ১০১ প্যাকেট ফুসকা, ১০ কেজি কিসমিস, তিন কেজি জিরা, ৯৬টি ইনজেকশন, ১৩২টি খাদ্যসামগ্রী, ১৩ প্যাকেট সন পাপড়ি, ১ হাজার ১৯৫টি বিভিন্ন ধরনের চকলেট এবং ১ হাজার ৫৯১টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৭৪ হাজার ৯৬০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়