২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছয় দাবিতে সারা দেশে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

প্রতিদিনের ডেস্ক:
ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের ইন্টার্ন চিকিৎসকরা।রবিবার (৭ জুন) সকাল থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচি পালন করা হচ্ছে।এর আগে শনিবার বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদ এক বিবৃতিতে কর্মবিরতির ঘোষণা দেয়। সংগঠনটির দাবি, স্বাস্থ্য খাতে বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও সাম্প্রতিক কিছু প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন।বিবৃতিতে বলা হয়, তাদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে একটি বিষয়ে আশ্বাস মিললেও বাকি দাবিগুলোর ব্যাপারে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ কারণে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলবে। পাশাপাশি প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন বেলা ১১টার পর ক্লাস বর্জনের আহ্বান জানানো হয়েছে। আন্দোলনে মিডলেভেল চিকিৎসকদেরও সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমানো, ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন অনুযায়ী বেতন কাঠামো নিশ্চিত করা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়