নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের ইছা মেম্বারের ছেলে ও স্থানীয়ভাবে যুবদল নেতা হিসেবে পরিচিত আফজাল হোসেনকে ঢাকার ওয়ারী থানার আলোচিত ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সংঘটিত এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার ৯ জনের তালিকায় তার নাম থাকায় বাঘারপাড়া এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ মে রাতে ওয়ারী থানার নবাবপুর রোড এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ম্যানেজার ব্যবসা শেষে ৫৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় একদল ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে ভয়ভীতি দেখিয়ে একটি মাইক্রোবাসে তুলে চোখ-মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীদের কমলাপুর এলাকায় ফেলে চলে যায় বলে অভিযোগ। ঘটনার পর দায়ের হওয়া মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে ৬ জুন প্রথমে কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরসহ বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যেই রয়েছেন বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের আফজাল হোসেন। পুলিশ জানিয়েছে, অভিযানে ছিনতাইকৃত স্বর্ণের মধ্যে ১৭ ভরি গলানো স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ডিবি লেখা তিনটি কটি, দুটি ওয়াকিটকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ, লাঠি এবং ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

