২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় বাড়ি ফেরার পথে এক ফল ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আহত ব্যবসায়ী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আবু হাসেম (৫৫) ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের বাসিন্দা। তিনি লাউজানী বাজারে ফলমূল ও কাঁচা তরকারি বিক্রি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ‌সোয়া ৯টা দিকে ব্যবসা শেষে লাউজানী বাজার থেকে বাড়ি ফিরছিলেন আবু হাসেম। পথে পাকা রাস্তা থেকে সোলিং সড়কে নামার কিছু দূরে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। একপর্যায়ে তার কাছে থাকা ব্যবসার নগদ টাকা ছিনিয়ে নেয়। আবু হাসেমের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে তাকে ঝিকরগাছা থানায় নেওয়া হলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়