নিজস্ব প্রতিবেদক
ফিক্সড ডিপোজিট (এফডিআর) মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও আমানতের টাকা ফেরত না পাওয়ার অভিযোগে যশোরে এক্সিম ব্যাংকের হাটখোলা রোড শাখার সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে যশোর জেলা হার্ডওয়্যার মালিক সমিতির সদস্যরা ব্যাংকটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, সমিতির ১১০ জন সদস্য এক বছর মেয়াদে মোট ৬৫ লাখ টাকা এফডিআর হিসেবে জমা রেখেছিলেন। মেয়াদ শেষে মুনাফাসহ তাদের পাওনা দাঁড়িয়েছে ৭২ লাখ ৩ হাজার টাকা। তবে এফডিআরের মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও ব্যাংক কর্তৃপক্ষ পুরো টাকা পরিশোধ করছে না। সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী খান বলেন, সদস্যরা তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করেছিলেন। কিন্তু বারবার যোগাযোগ করেও তারা টাকা পাচ্ছেন না। ব্যাংক কর্তৃপক্ষ একাধিক কিস্তিতে টাকা নেওয়ার প্রস্তাব দিলেও তা গ্রহণযোগ্য নয়। কারণ, ফিক্সড ডিপোজিটের অর্থ মেয়াদ শেষে এককালীন পরিশোধ করার কথা।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকায় অনেক সদস্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত তাদের পাওনা পরিশোধের দাবি জানান তিনি। এ বিষয়ে এক্সিম ব্যাংকের হাটখোলা রোড শাখার ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের টাকা দুই দফায় পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করেই বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাংক এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্রাহকরা দ্রুত তাদের আমানতের অর্থ পরিশোধের দাবি জানিয়েছেন।

