২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর, কেশবপুর ও বাঘারপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বড় মেঘলা এলাকায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় ইব্রাহিম খলিল (৬০) নামে এক কৃষক গুরুতর আহত হন। তিনি যশোর সদর উপজেলার নতুনহাট বড় মেঘলা গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কেশবপুর-মূলগ্রাম সড়কের হাজির পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে মফিজুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি কেশবপুর উপজেলার মূলগ্রাম গ্রামের আব্দুল লতিফের ছেলে। জানা যায়, মফিজুর রহমান মোটরসাইকেলযোগে মূলগ্রাম থেকে কেশবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে একই দিন বেলা তিনটার দিকে যশোর-বাঘারপাড়া সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল রায় (২৭) ও পারভেজ (২০) আহত হন। চঞ্চল রায় যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের প্রমথ রায়ের ছেলে এবং পারভেজ বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চঞ্চল রায় যশোরমুখী এবং পারভেজ বাঘারপাড়ামুখী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তারাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়েই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চঞ্চল রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়