প্রতিদিনের ডেস্ক:
ব্যাংকে নতুন হিসাব (অ্যাকাউন্ট) খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।প্রস্তাব অনুযায়ী, এখন থেকে যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খুলতে গেলে টিআইএন সনদ প্রদর্শন করতে হবে। এটি বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।তবে কিছু ক্ষেত্রে এ নিয়মের বাইরে রাখা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন প্রয়োজন হবে না। পাশাপাশি নো-ফ্রিলস অ্যাকাউন্ট—যেমন ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা গ্রহণের জন্য খোলা হিসাব এবং পেনশনভোগীদের ব্যাংক হিসাবের ক্ষেত্রেও টিআইএন দেখানোর বাধ্যবাধকতা থাকছে না।বাংলাদেশে বর্তমানে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন এ প্রস্তাব কার্যকর হলে ভবিষ্যতে নতুন হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক হয়ে যাবে।অর্থনীতিবিদদের মতে, এ উদ্যোগের মাধ্যমে করজাল সম্প্রসারণ এবং করদাতার আওতা বাড়ানোর চেষ্টা করছে সরকার।

