প্রতিদিনের ডেস্ক:
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বয়স্ক ভাতা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৬২ লাখে উন্নীত করা হবে। একই সঙ্গে মাসিক ভাতার হার ৫০ টাকা বৃদ্ধি করে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।তিনি বলেন, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যাও ১ লাখ বাড়িয়ে ৩০ লাখ করা হবে। এ ক্ষেত্রে মাসিক ভাতার হার বর্তমান ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।অর্থমন্ত্রী আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতাভোগীর সংখ্যা ৩৪ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩৮ লাখ করা হবে। পাশাপাশি মাসিক ভাতার হার ৯০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা ৮১ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করার প্রস্তাব করা হয়েছে। তাদের মাসিক উপবৃত্তির হারও বৃদ্ধি করা হবে।প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক স্তরে ১ হাজার টাকা, মাধ্যমিক স্তরে ১ হাজার ১০০ টাকা, উচ্চমাধ্যমিক স্তরে ১ হাজার ২০০ টাকা এবং উচ্চতর স্তরে ১ হাজার ৪০০ টাকা উপবৃত্তি দেওয়া হবে।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও সুবিধা বাড়িয়ে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

