২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে মারধর, ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের পাগলাদাহ পূর্বপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে হামলা, মারধর, ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন স্থানীয় শহীদ (মোজাহারের ছেলে) এবং আসাদ (মৃত আফজালের ছেলে)। তারা দু’জনই পাগলাদাহ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী শরিফুল ইসলামসহ সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন একই গ্রামের আজাদ, মাহাবুর, আফদার, ইনামুল ও শাহাদৎ। মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ মে রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় জাহিদুলের চায়ের দোকানের সামনে শরিফুল ইসলামকে দেখতে পেয়ে শহীদের নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গেলে তার মা সাহিদা বেগম ও বোন রিনা খাতুনও হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা শরিফুল ইসলামের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা এবং প্রায় ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় তার বোনের শ্লীলতাহানির অভিযোগও আনা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় শরিফুল ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে গত ১ জুন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পাগলাদাহ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শহীদ ও আসাদকে আটক করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়