প্রতিদিনের ডেস্ক:
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই জয়ের বড় ভূমিকা রেখেছিলেন মেসি। যার পা থেকেই আসে তিনটি গোল। ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সবাই। কিন্তু ম্যাচের এক পর্যায়ে মেসির করা একটি ফাউল নিয়ে সমালোচনা করছেন অনেকে। এবার সেই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ হুগো ব্রোস। তার মতে সেই ফাউলটা নিয়ে অন্তত ভিএআর এ দেখা উচিত ছিল। দক্ষিণ আফ্রিকার ফুটবলার থেম্বা জোয়ানে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড পান। পরবর্তী ফিফার শৃঙ্খলাজনিত কমিটি তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। হুগো ব্রোস দুটো ঘটনাকে সামনে টেনে এনে বলেন, ‘থেম্বার লাল কার্ডটি ছিল অতিরিক্ত। আমার কাছে অতটা মনে হয়নি যখন আমি দেখি মেসিকে আলজেরিয়ার বিপক্ষে ফাউলে কোন কার্ড দেওয়া হয় না। আমি একেবারেই একমত নই। মেসির ফাউলটাতে এমনকি ভিএআর-এ একবারও চেক করা হয়নি।’
মেসির ফাউলটি ভিএআরে চেক করার কথা বললেও মেসিকে লাল কার্ড দেওয়া হোক এমনটাও চাননি এই বেলজিয়ান কোচ। হুগো ব্রোস আরো যোগ করেন, ‘আমি চাই না তাকে লাল কার্ড দেওয়া হোক কারণ মাঠে তার মত কিংবদন্তী খেলোয়াড়ের থাকা দরকার আছে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? আমার কাছে খুব হতাশাজনক মনে হয়েছে যখন থেম্বাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
দক্ষিণ আফ্রিকার সামনে দ্বিতীয় ম্যাচে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। যারা প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছিল। এই কোচ ম্যাচ সম্পর্কে বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমরা যদি আজকে জিততে না পারি তাহলে কোরিয়ার বিপক্ষে আমাদের হাতে কোন অপশন থাকবে না। আমাদের এমন পরিস্থিতি থেকে সরে আসতে হবে। আমরা জানি প্রথম ম্যাচে আমরা কিছু ভুল করেছি। আমি খেলোয়াড়দেরকে সেজন্য সমালোচনা করবো না। মাঝেমাঝে কোচ হিসেবে আপনাকে মিথ্যে বলতে হয়। আমি জানি কি খারাপ হয়েছিল।’

