৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ববির বাসা থেকে প্রযোজক গ্রেফতারের তথ্য ভিত্তিহীন, জানালেন অভিনেত্রী

প্রতিদিনের ডেস্ক
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন গ্রেফতারের এ তথ্যটি জানান।
গ্রেফতারের পর থেকেই সামাজিক মাধ্যমে বলা হয় অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসা থেকেই মির্জা আবুল বাশারকে আটক করা হয়েছে। এমনকি ওই প্রযোজককে ববির ‘কথিত স্বামী’ বলা হয়। তবে গণমাধ্যমে এমন খবরে অভিনেত্রী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। এ খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পলাতক থাকা মির্জা বাশার মামুনের অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার (১৯ জুন) গভীর রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান। প্রাথমিকভাবে তল্লাশিতে তাকে পাওয়া না গেলেও পরে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।তবে মির্জা আবুল বাশারের বিরুদ্ধে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তা অবশ্য বিস্তারিতভাবে জানানো হয়নি। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।এদিকে গ্রেফতারের পর কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে মির্জা আবুল বাশার মামুনকে অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসা থেকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
তবে তথ্যকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিনেত্রী ববি। তিনি বলেন, তার নামে যেই বাসার কথা বলা হচ্ছে, সেই এলাকায় তার কোনো বাসা নেই। এমনকি ওই ব্যক্তির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো সম্পর্কও নেই। একটি গণমাধ্যমকে অভিনেত্রী আরও বলেন, আমাকে জড়িয়ে প্রকাশিত খবরগুলো বিভ্রান্তিকর। এমনকি তারা এ খবর করার আগে আমার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেনি।এ ছাড়া ববি মির্জা বাশারের ‘কথিত স্ত্রী’ শিরোনামে দেওয়া বিবৃতিতে খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। তিনি এক পোস্টে লিখেছেন— শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশার কেন্দ্র করে আমাকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি বলেন, তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। অভিনেত্রী বলেন, আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।মির্জা আবুল বাশার মামুন গ্রেফতারের আগে এক ভিডিওতেও অভিনেত্রী ববির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, নায়িকার সঙ্গে তার পারিবারিক, ব্যবসায়িক কিংবা পেশাগত কোনো সম্পর্ক নেই। এবং তাকে জড়িয়ে প্রচার করা তথ্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামুনের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়