প্রতিদিনের ডেস্ক
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা একেবারে শেষদিকে। প্রতি ম্যাচেই গোলের দেখা মিলছে। কেবল স্পেন বনাম কেপ ভার্দে ও ইকুয়েডর বনাম কুরাসাও ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য স্কোরে। সবশেষ নেদারল্যান্ডস ম্যাচটি গোলের মাইলফলক ছুঁয়েছে। ৬৮ বছরের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম ১০০ গোল হয়েছে সুইডেনের বিপক্ষে ডাচদের ম্যাচে।১৯৫৮ সালের পর সবচেয়ে দ্রুততম ১০০ গোলের আসর এটি। ৩৩ ম্যাচেই এই মাইলফলক তৈরি হয়েছে। লিভারপুল ফরোয়ার্ড কডি গাকপো নেদারল্যান্ডসের চতুর্থ গোল করে তিন অঙ্কের ঘরে নেন। শনিবার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে ডাচরা। সবচেয়ে দ্রুততম একশ গোল হয়েছিল ১৯৫৪ সালে, ২০ ম্যাচে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ১০০ গোল হতে লেগেছিল ৩৬ ম্যাচ, ১৯৮২ সালেও একই সংখ্যক ম্যাচে এই সেঞ্চুরি হয়েছিল। ১৯৭৮ ও ১৯৯৪ বিশ্বকাপে লেগেছিল ৩৮ ম্যাচ। এবারের বিশ্বকাপে ম্যাচ প্রতি ৩.০৯ গোল হয়েছে, এই হিসাবে ৩০০ গোল অতিক্রম করতে পারে এবারের আসর।

