অচেনা নম্বর থেকে মেসেজ, হ্যাকার হলে আগেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ

প্রতিদিনের ডেস্ক:
অচেনা নম্বর থেকে হঠাৎ মেসেজ এলেই অনেকের মনে প্রশ্ন জাগে এটি কি সত্যিই কোনো পরিচিত ব্যক্তির বার্তা, নাকি প্রতারক বা হ্যাকারদের ফাঁদ? ব্যবহারকারীদের এমন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিগগিরই হোয়াটসঅ্যাপে এমন একটি ব্যবস্থা চালু হতে পারে, যেখানে অপরিচিত নম্বর থেকে আসা বার্তা খোলার আগেই ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখতে পাবেন। ফলে চ্যাটে প্রবেশ করার আগেই প্রাথমিকভাবে নম্বরটির বিশ্বাসযোগ্যতা যাচাই করা সহজ হবে।নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের জানানো হবে যে নম্বরটি তাদের কনট্যাক্ট লিস্টে সংরক্ষিত আছে কি না। পাশাপাশি নম্বরটি কোন দেশের, সেই ব্যক্তির সঙ্গে কোনো সাধারণ গ্রুপ রয়েছে কি না, তা-ও দেখানো হবে। অর্থাৎ, অপরিচিত কারও সঙ্গে কথোপকথন শুরু করার আগে প্রয়োজনীয় কিছু তথ্য এক নজরে পাওয়া যাবে।বর্তমানে অনলাইন প্রতারণা ও সাইবার জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ভুয়া চাকরির অফার, লটারি জেতার প্রলোভন, বিনিয়োগের ফাঁদ কিংবা পরিচিত কারো পরিচয়ে প্রতারণার মতো নানা কৌশল ব্যবহার করছে অপরাধীরা। এসব কারণে অচেনা নম্বর থেকে আসা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।হোয়াটসঅ্যাপের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের আরও সচেতন করা এবং সন্দেহজনক যোগাযোগ সম্পর্কে আগেভাগে ধারণা দেওয়া। এতে প্রতারণার ঝুঁকি কমার পাশাপাশি ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিতে পারবেন, তারা ওই চ্যাটে সাড়া দেবেন কি না।তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সফলভাবে পরীক্ষা শেষ হলে ধাপে ধাপে এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। এর আগে ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে মেটা বিভিন্ন নতুন সুরক্ষা ফিচার চালু করেছে। সেই ধারাবাহিকতায় এই নতুন সতর্কবার্তা ব্যবস্থাও গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কোনো নতুন ফিচারই শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে পারে না। তাই অপরিচিত নম্বর থেকে আসা বার্তা, লিংক বা ফাইল খোলার আগে সবসময় সতর্ক থাকা উচিত। হোয়াটসঅ্যাপের আসন্ন এই ফিচার সেই সতর্কতাকেই আরও কার্যকর করতে সাহায্য করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়