মণিরামপুরে ঘের লিজ দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ : ফেরত চাওয়ায় খুনের হুমকি

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুরে ঘের লিজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ ও পরবর্তীতে টাকা ফেরত চাওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জনি (৩৩) মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের মৃত কেরামত আলী মোল্যার দুই ছেলে আব্দুল বারি মোল্যা (৫৬) ও মোঃ আজহার আলী মোল্যা (৬২)। অভিযোগ সূত্রে জানা যায়, মণিরামপুর থানাধীন নেহালপুর বিল কপালিয়ায় প্রায় ১১৬ বিঘা জমির একটি “ইসলামীক ঘের” রয়েছে। বাদী মোঃ জনি উক্ত ঘেরটি লিজ নেওয়ার জন্য ঘেরের সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করলে অভিযুক্তরা তাঁর সাথে যোগাযোগ করেন এবং ঘের লিজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে তারা বাদীর কাছে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দাবি করেন। পরবর্তীতে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধের চুক্তি অনুযায়ী, গত ২৭ মে ২০২৬ তারিখে বাদী অভিযুক্তদের নগদ ৮০ হাজার টাকা প্রদান করেন। টাকা লেনদেনের ভিডিও ফুটেজ এবং ১০০ টাকার ০৫টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের প্রমাণ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর ৫ দিন পর আরও ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং তারও ৫ দিন পর আরও ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা নগদ গ্রহণ করেন অভিযুক্তরা। টাকা নেওয়ার ৭ দিনের মধ্যে ঘের লিজ দেওয়ার কথা থাকলেও অভিযুক্তরা বিভিন্ন তালবাহানা করে সময় পার করতে থাকেন এবং লিজ দিতে ব্যর্থ হন। পরবর্তীতে বাদী তাঁর দেওয়া টাকা ফেরত চাইলে তারা বারবার দিন দিয়ে ঘুরাতে থাকেন। সর্বশেষ গত ২৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় বাদী মোঃ জনি অভিযুক্তদের নিকট তাঁর পাওনা ৪,৩০,০০০/- (চার লক্ষ ত্রিশ হাজার) টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। একই সাথে “পারলে টাকা আদায় করে নিস” বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি পুনরায় টাকা চাইতে গেলে বাদীকে খুন করে ঘেরের মাটিতে পুঁতে রাখার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ আল মামুন (৩৬), মোঃ শামীম রেজা (২৫) ও মোঃ রাকিবুল ইসলাম (২৪) সহ স্থানীয় অনেকেই অবগত আছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে মণিরামপুর থানায় একটি সুষ্ঠু বিচার ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। এ বিষয়ে মণিরামপুর থানা পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়