নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রুহুল আমিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই আওয়ামী লীগ কর্মী জসিম ও রবিউলের বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগে রুহুল আমিন দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ও তাকে বিভিন্নভাবে হয়রানি ও হত্যার চেষ্টা করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকা অভিযুক্তরা এলাকায় ফিরে এসে আবারও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, গত ২১ জুন সন্ধ্যায় চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে থাকা অবস্থায় অভিযুক্তরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যান। এরপর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অতীতে তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও তুলে অভিযুক্তদের কাছে অবৈধ অস্ত্র থাকার দাবি করেছেন তিনি। তবে অভিযুক্ত জসিম ও রবিউল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। গুলির ঘটনার সঙ্গেও নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
