প্রতিদিনের ডেস্ক:
ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর সি-ফুড কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস অপসারণের কাজ শুরু করেছে রাজ্য কর্তৃপক্ষ। শনিবার (৪ জুলাই) গ্যাস নিরাপদে অপসারণে যোগ দিয়েছে জেলা প্রশাসন ও কারিগরি বিশেষজ্ঞদের একটি দল।যেখানে গত মাসে বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে ১৮ জন নারী শ্রমিক নিহত হয়েছিলেন।ভারতীয় টেলিভিশন এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিরুভাল্লুর জেলার কালেক্টর এস কবিতা জানিয়েছেন, গ্যাস অপসারণে আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার আশপাশের যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হয়েছে। সেই সঙ্গে স্থাপনাটির ৩০০ মিটারের মধ্যে থাকা শিল্প-কারখানাগুলো থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে।সকাল ৮টায় শুরু হওয়া অপসারণ প্রক্রিয়াটি বিকেল ৫টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।তবে অপসারণ অসম্পূর্ণ থাকলে কর্মকর্তারা আগামী রবিবার সকাল পর্যন্ত অভিযানটি বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, কান্নিগাইপায়ার গ্রামে অবস্থিত সেন্ট পিটার অ্যান্ড পল সিফুডস এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের কারখানায় গত ২১শে জুনের গ্যাস লিকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই অপসারণ অভিযানটি চালানো হচ্ছে। একটি কুলিং পাইপ থেকে বিষাক্ত অ্যামোনিয়া লিকের ফলে ১৮ জন মহিলা শ্রমিকের মৃত্যু হয় এবং ৮০ জনেরও বেশি গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। নিহতরা সকলেই ভ্রাম্যমান শ্রমিক ছিলেন ।তাঁদের অধিকাংশই ওড়িশা, আসাম ও ঝাড়খণ্ডের বাসিন্দা।
