উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি বালু উত্তোলনকারী কার্গো জব্দ করেছে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি। ১১ জুলাই(শনিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবির একটি টহল দল কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবহৃত একটি কার্গো জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি হলেন ইয়াসিন বৈদ্য (২০)।পরে জব্দকৃত কার্গো ও আটক ব্যক্তিকে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধের পর আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। বিজিবি সূত্র জানায়, নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সরকারি সম্পদ ও নদীর পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে বাহিনীটি।
