প্রতিদিনের ডেস্ক:
নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬। ৮ম বর্ষে পর্দাপণ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ১০ জুলাই চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্তি সচিব এবং সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, কবি ও গবেষক আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, ‘চাঁদপুরের সাহিত্যাঙ্গন অনেক শক্তিশালী। চর্যাপদের এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকা দেখে বুঝেছি, কতটা নিখুঁতভাবে পুরস্কার দেওয়া হয় এখানে। সাধারণত দেশের সাহিত্যাঙ্গনের মানুষগুলোর মধ্যে রাজনৈতিক বাড়াবাড়ির কারণে চর্চার জায়গাটা দিনদিন নিরস হয়ে পড়ছে। এই সংকট কাটিয়ে ওঠা জরুরি।’
চাঁদপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি
এ ছাড়া বক্তব্য দেন চাঁপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ এবং বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। দেশের ৬ গুণিজনের হাতে তুলে দেওয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২৫ ও ২০২৬।
কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুলের হাতে ২০২৫ সালের এবং কবিতায় জরিনা আখতার, প্রবন্ধ সাহিত্যে প্রণব মজুমদার ও নাটকে মোস্তফা কামাল যাত্রার হাতে ২০২৬ সালের তুলে দেওয়া হয়। এ ছাড়া নারী শিক্ষার উন্নয়ন ও সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী।
সুরের মূর্ছনায় রবীন্দ্র-নজরুল স্মরণ
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উদযাপন আহ্বায়ক শিউলী মজুমদার। শংসাপত্র পাঠ করেন জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, পিএম বিল্লাল, মিজানুর রহমান স্বপন ও ঐশী ঘোষ।
কবিতা আবৃত্তি করেন দিপান্বিতা দাস, নাজমুল ইসলাম, প্রাপ্তি এবং রাসেল ইব্রাহীমসহ অনেকে। দিলীপ ঘোষের হাওয়াইন গিটার, বেলাল শেখের বাঁশি ও বাচিকশিল্পীদের আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শতাধিক লেখক, শিল্পী ও সমাজকর্মীর সরব উপস্থিতিতে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
