৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলে নিজের ভিটায় ফিরতে দ্বারে দ্বারে ঘুরছে শুভা রাণী বিশ্বাস

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলে এক বিধবা মহিলার জমি দখল করে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের ভুক্তভোগী শুভা রাণী বিশ্বাস এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গেছে , রতডাঙ্গা গ্রামের বিধবা শুভা রাণী বিশ্বাসের ৯ শতক জমির ওপর থাকা দু’টি ঘর ভেঙে সেখানে একই গ্রামের শুসান অধিকারী ও সমীর অধিকারী নতুন করে ঘর নির্মাণ করছে । শুভা রানী জানান,অভিযুক্ত শুসান অধিকারী ছোটবেলা থেকে তাদের বাড়িতে কাজকর্ম করত। গত বছর শুভা রাণীর স্বামী মারা যাওয়ার পর থেকে শুভা রাণী একাই বাড়ীতে বসবাস করে আসছে । গত ১২ ফেব্রুয়ারি শুসান ও সমীর লোকজন নিয়ে শুভা রাণীর বাড়িতে এসে তার ঘরবাড়ি ভেঙে ফেলেন। এসময় বাঁধা দিলে শুসান বলে, তোমার স্বামী আমাদের দুই ভাইয়ের কাছে জমি লিখে দিয়েছে, তুমি বাড়ি খালি করে দাও। শুভা রাণী আরো জানান, আমার স্বামী জমি লিখে দিলে তো আমি জানতাম। ওরা জাল দলিল করে জমি দখল করেছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। আদালত এখনও কোনো রায় দেয়নি। ঘরবাড়ি ভাঙতে এলে আমি বাঁধা দিয়ে ছিলাম, ওরা শোনেনি। পরে থানায় অভিযোগ দিয়ে এসে দেখি,ঘরের মেঝের মাটি পর্যন্ত কেটে ফেলেছে। অভিযুক্ত শুসান অধিকারী জানান, ঘরবাড়িসহ এই জমি আমার কেনা। তাই ভেঙে নতুন করে ঘর তৈরি করছি। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান বিষয়টি স্বীকার করে বলেন,মামলায় এখনও কারও পক্ষে রায় হয়নি। তবে আদালত আমাকে জমিতে উঠতেও নিষেধ করিনি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাজেদুল ইসলাম জানান,অভিযোগ পাওয়ার পর বিট অফিসার পাঠিয়ে ছিলাম। জানা গেছে শুসান গং নিজেরা নিজের বাড়ি ভেঙে নতুন ঘর তৈরি করছে, তবে জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়