প্রতিদিনের ডেস্ক॥
ভারতে বসবাসকারী নারী হিসেবে নিরাপত্তাহীনতায় ভোগেন অভিনেত্রী ভূমি পেডনেকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। নারীদের ওপর ঘটে যাওয়া অত্যাচার, হেমা কমিটির রিপোর্ট, এমনকি নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত ভূমি। তিনি বলেন, ভারতীয় নারী হিসেবে আমার সত্যিই ভয় করে। শুধু বিনোদন জগতের কথাই বলছি না। আমার এক কাজিন আমার সঙ্গেই মুম্বইয়ে থাকে। ভয় করে যখন ওর বাড়ি ফিরতে ফিরতে রাত ১১টা বেজে যায়। খুব চিন্তা হয়। গেল বছর আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল হেমা কমিটির রিপোর্ট। মালায়লাম চলচ্চিত্র জগতে নারীদের ওপর হওয়া হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসে এই রিপোর্টে। এ প্রসঙ্গে ভূমি বলেন, ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতেই কেবল আইন সম্মতভাবে এই নিয়মগুলো মেনে চলা হয়েছে। রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে। অভিনেত্রী জানান, প্রায়ই সংবাদমাধ্যমের শীর্ষে নারীদের ওপর অত্যাচারের ঘটনা দেখতে দেখতেও ক্লান্ত তিনি। সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। এই ছবিতে রয়েছেন- অর্জুন কাপুর ও রাকুল প্রীত।

