প্রতিদিনের ডেস্ক
ইন্টার মায়ামির জন্য লিওনেল মেসি কতটা গুরুত্বপূর্ণ তা ভালো করেই জানেন হাভিয়ের মাচেরানো। দলের অধিনায়কের প্রতি বাড়তি মনোযোগ থাকবে এটাই স্বাভাবিক। বাড়তি মনোযোগ অবশ্য বড় খেলোয়াড় বলে নয়, দলের প্লে-মেকার যেন চোটে না পড়েন সেদিকে নজর রাখছেন মায়ামির কোচ। বয়স তো আর কম হলো না মেসির। ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডকে যেন দীর্ঘ সময়ের জন্য হারাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকছেন মাচেরানো। তাই হাসটন ডায়নামোর বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে খেলাননি আর্জেন্টিনাইন কোচ। এক মাসের জন্য মেসিকে হারাতে ঝুঁকি নিতে চান না বলে জানিয়েছেন তিনি। ডায়নামোর বিপক্ষে ম্যাচে না খেলায় গুঞ্জন উঠেছিল চোটে পড়েছেন মেসি। সেই গুঞ্জনে জল ঢালতেই মাচেরানো বলেছেন, ‘লিওর কোনো চোট ছিল না। অবশ্যই সে একটু ক্লান্তিবোধ করেছে। সঙ্গে কিছুটা চাপের হয়েছে। এ কারণেই হাসটনের বিপক্ষে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’ চোটমুক্ত থেকে মেসিকে পাওয়ার জন্য বিশ্রাম দিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন মাচেরানো। তিনি বলেছেন, ‘আমাদের ইতিমধ্যে অনেকে চোটে পড়েছে। আমরা চাই না আরেকজন চোটে পড়ুক, যে কিনা আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্রাম না দিলে তার হয়তো চোটে পড়ার শঙ্কা থাকত। আমরা চাই না সে এক মাসের জন্য বাইরে থাক।

