৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল

প্রতিদিনের ডেস্ক॥
আইপিলের আসন্ন আসরে অক্ষর প্যাটেলকে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে দিল্লি ক্যাপিটালস। ২০১৯ সালে থেকে দিল্লির হয়ে খেলা এই বাঁহাতি অলরাউন্ডার ঋষভ পন্তের স্থলাভিষিক্ত হলেন। অধিনায়কত্ব পেয়ে অক্ষর বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারা আমার পরম সম্মানের বিষয়, এবং আমার প্রতি আস্থা রাখার জন্য আমাদের মালিক এবং সাপোর্ট স্টাফদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপিটালসে আমার সময়কালে আমি একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছি, এবং আমি এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এবং আত্মবিশ্বাসী বোধ করছি।’ নতুন অধিনায়ক সম্পর্কে দিল্লি ক্যাপিটালস চেয়ারম্যান কিরণ কুমার গ্র্যান্ডি বলেন, ‘অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিয়োগ করতে পেরে আমরা আনন্দিত। ২০১৯ সাল থেকে তিনি ক্যাপিটালস পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এই দল যে মূল্যবোধের উপর নির্মিত, তা তিনি ধারণ করেন। এই সিদ্ধান্তটি একজন নেতা হিসাবে তার স্বাভাবিক অগ্রগতিকে প্রতিফলিত করে।’ ২০২৪ মৌসুমে পান্থের স্লো ওভার-রেটের নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হওয়ায় অক্ষর দিল্লির হয়ে একটি মাত্র ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। অবশ্য ঘরোয়া অন্য আসরে নেতৃত্ব দেওয়ার নজির আছে তার। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৬ ম্যাচে গুজরাটের নেতৃত্ব দিয়েছেন অক্ষর। এই বছরের শুরুতে তিনি টি-টোয়েন্টিতে ভারত জাতীয় দলের সহ-অধিনায়ক পদেও উন্নীত হন। দিল্লির অধিনায়ক পন্ত এবার ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে ছিলেন না, কারণ উইকেটকিপার-ব্যাটার নিলামে যাওয়ার সিদ্ধান্ত নেন, যেখানে শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টস তাকে ২৭ কোটি টাকার রেকর্ড মূল্যে কিনে নেয়। ১৬.৫ কোটি টাকায় দিল্লি ধরে রাখে অক্ষর প্যাটেলকে।
২৪ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৫ আইপিএল শুরু করবে দিল্লি। অক্ষরদের প্রতিপক্ষ দলটির নেতৃত্ব দেবেন তাদের পন্ত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়