প্রতিদিনের ডেস্ক॥
আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের অলরাউন্ডার আমের জামালকে প্রায় ১৩ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জামাল ছাড়াও আরো ৭ ক্রিকেটারকে ভিন্ন কারণে জরিমানা করেছে পিসিবি। পাকিস্তানের জিও নিউজের খবরে বলা হয়, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। জামাল গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজের প্রথম টেস্টে একটি সাক্ষাৎকারের সময় রাজনৈতিক স্লোগান ‘৮০৪’ লেখা ওই ক্যাপটি পরেছিলেন। এটিকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে চিত্রায়িত করেছে পিসিবি। ‘৮০৪’ লেখা ক্যাপটি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানকে কেন্দ্র করে পাকিস্তানে ব্যাপকভাবে আলোচিত। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরানের কয়েদি নম্বর ৮০৪। ২০২৩ সালের মে মাস থেকে ইমরান কারাগারে আছেন। এ বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় তার ১৪ বছরের সাজা হয়েছে। তার সমর্থকেরা বিভিন্ন জায়গায় ‘কয়েদি নম্বর ৮০৪’ ব্যবহার করে থাকেন। জামালের পাশাপাশি আরো আরো সাত ক্রিকেটারকে জরিমানা করেছে পিসিবি। এর মধ্যে তিনজনকে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার সফরের সময় রাতে টিম হোটেলে দেরিতে ফেরায় ৫০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদির। পিসিবি সূত্র জিও নিউজকে জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন ও জরিমানা বিষয়গুলো বোর্ড অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে, যা ক্রিকেটারদের সম্মানহানির কথা চিন্তা করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। তবে আট ক্রিকেটারের জরিমানার খবর সামনে এসেছে এমন সময়ে, যখন পাকিস্তান ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার কারণে সমালোচনার মধ্যে আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে আয়োজক পাকিস্তান আট দলের টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হারের পর বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়।

