বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে একটি প্রধান বাধা হচ্ছে বিদেশে মুদ্রাপাচার। মুদ্রাপাচার রোধে অনেক আলোচনা হলেও কাজের কাজ প্রায় কিছুই হয় না। ফলে ক্রমাগতভাবে বাড়ছে মুদ্রাপাচারের পরিমাণ। মুদ্রাপাচার রোধের দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন।
ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যানশিয়াল ইনটেগ্রিটির (জিএফআই) তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে প্রতিবছর গড়ে প্রায় ৭৪ হাজার ৪৭৫ কোটি টাকা পাচার হয়। পাচার হয় আরো অনেক উপায়ে। গতকাল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিলেটের ব্যবসায়ী গোষ্ঠী ফকর ব্রাদার্সের দুই কর্ণধারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে অর্থপাচারের অভিযোগ পাওয়া গেছে। কয়লা ও পাথর আমদানির আড়ালে প্রথমে টাকা পাচার করেছেন, পরে সেই টাকায় কিনেছেন লোভনীয় ‘গোল্ডেন ভিসা’।
জুমেইরাহ ভিলেজ সিটিতে যৌথভাবে গড়েছেন ৩৩ তলার বিশাল অট্টালিকা। এর আনুমানিক মূল্য প্রায় ৩৯৪ কোটি টাকা। এই সম্পদের প্রকৃত তথ্য আয়কর নথিতে গোপন করে কর ফাঁকিও দিয়েছেন অর্ধশত কোটি টাকা।
জানা যায়, অর্থপাচারে অভিযুক্তরা হলেন ফকর ব্রাদার্সের চেয়ারম্যান ফকর উদ্দিন আলী আহমেদ ও তাঁর ছেলে ফকরুস সালেহিন নাহিয়ান।
অনুসন্ধান বলছে, দুবাইয়ের জুমেইরাহ ভিলেজ সিটিতে (প্লট নম্বর ৬৮১৬৪৮১) প্রায় ২৯ কাঠা জায়গার ওপর ৩৩ তলাবিশিষ্ট ‘সাফায়া ৩২’ নামের একটি ভবন নির্মাণ করে দার আল কারামা নামের একটি রিয়েল এস্টেট কম্পানি। যৌথ অংশীদারির ভিত্তিতে এই কম্পানির মালিকানায় আছেন ফকর উদ্দিন ও ফকরুস সালেহিন নাহিয়ান। এই ভবনে ২২৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার সিঙ্গল বেডরুমের একটি ফ্ল্যাটের দামই বাংলাদেশি মুদ্রায় পৌনে দুই কোটি টাকা থেকে শুরু। আছে দুই ও তিন বেডরুমের ফ্ল্যাটও। অর্থপাচারের প্রমাণ পাওয়ায় এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পিতা-পুত্রের কর ফাঁকি এবং দেশের সম্পদের তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় ফকর ব্রাদার্স সংশ্লিষ্ট ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। অবশ্য এ বিষয়ে ফকরুস সালেহিন নাহিয়ান বলেন, ‘দুবাইয়ে সাফায়া ৩২ নামের প্রোপার্টি আমাদের বলা হচ্ছে। সেটি আসলে ইনটেলেকচুয়াল প্রোপার্টি। এই ভবন নির্মাণে বাংলাদেশ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। আমরা শুধু অ্যাপার্টমেন্ট বিক্রির পার্টনার হয়েছি, যে চুক্তি ২০২৪ সালের ২ জুলাই করা হয়েছে। সেই চুক্তিনামা আমাদের কাছে আছে। অর্থাৎ আয়কর আইন অনুযায়ী এখনো প্রোপার্টির বিস্তারিত আয়কর আইনে দেখানোর সুযোগ আছে। তাই এটিকে এখনই কর ফাঁকি বলা যাবে না।’
বাংলাদেশ থেকে নিয়মিত অর্থ পাচার করা হচ্ছে। অভিযোগ আছে, গত দেড় দশকেই প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। অতীতে পাচারবিরোধী বিভিন্ন সংস্থার তদন্তেও অনেকের নাম এসেছে। মুদ্রাপাচারে জড়িত অনেকের নাম পানামা পেপারসসহ আরো অনেক আন্তর্জাতিক প্রতিবেদনেও উঠে এসেছে। কিন্তু পাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ নেই বললেই চলে। আমাদের বিশ্বাস, মুদ্রাপাচার বিরোধী সব সংস্থা সমন্বিতভাবে উদ্যোগী হলে এ ধরনের আরো অনেক ঘটনাই বেরিয়ে আসবে। ফকর ব্রাদার্সের মুদ্রাপাচারের অভিযোগগুলোর দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মুদ্রাপাচারের জমে থাকা মামলাগুলোর বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
