প্রতিদিনের ডেস্ক॥
ব্যাঙ্ককে ভয়াবহ ভূমিকম্পের সময় পুলিশ জেনারেল হাসপাতালের সামনে রাস্তায় সন্তান জন্ম দিয়েছেন এক নারী। শুক্রবারের ওই ভূমিকম্পের সময় তিনি অস্ত্রোপচারের মধ্যেই ছিলেন, কিন্তু কম্পনের কারণে হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে হাসপাতালের বাইরে এনে ঘিরে রেখে সফলভাবে একটি ছেলেসন্তানের জন্ম দিতে সহায়তা করেন। হাসপাতালের মুখপাত্র পুলিশ কর্নেল সিরিকুল শ্রীসাঙ্গা এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারী স্ট্রেচারে শুয়ে আছেন এবং হাসপাতালের চিকিৎসাকর্মীরা উন্মুক্ত পরিবেশে তার প্রসবপ্রক্রিয়া সম্পন্ন করছেন।
ফুটেজে আরো দেখা যায়, অন্যান্য অনেক রোগীকেও হাসপাতালের উঠানে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে চিকিৎসকরা তাদের চিকিৎসা অব্যাহত রেখেছেন।
থাই এনকোয়ারারের প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রোপচারের একদম মাঝামাঝি সময়েই ভূমিকম্প শুরু হয়। পুলিশ লেফটেন্যান্ট কর্নেল জিরামরিত বলেন, ‘অস্ত্রোপচারের শেষ পর্যায়ে যখন পেটে সেলাই করা হচ্ছিল, তখন ভূমিকম্প হয়।
সার্জারিদল দ্রুত রোগীর অবস্থা স্থিতিশীল করে তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।’
তিনি আরো বলেন, ‘নতুন অবস্থান থেকে রোগীর অবস্থা পুনর্মূল্যায়ন করা হলে দেখা যায়, তার পেটের চূড়ান্ত সেলাই করা না হলে অন্ত্র বাইরে বের হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। জরুরি অবস্থা বিবেচনায় নিয়ে অপারেশন থিয়েটারের বাইরে একটি নির্বীজিত পরিবেশে মাত্র ১০ মিনিটে শেষ পর্যায়ের সেলাই শেষ করা হয়।’
সার্জন নিশ্চিত করেছেন, মা ও শিশু—দুজনই এখন স্থিতিশীল অবস্থায় আছে এবং হাসপাতালে চিকিৎসাধীন।
ভূমিকম্পপ্রতিরোধী পরিকল্পনা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ‘ফায়ার ইভাকুয়েশন প্ল্যান ৩’ অনুসরণ করে, যেখানে রোগীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। রোগীদের তিনটি নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়, আর একই সময় প্রকৌশলীরা হাসপাতালের ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা মূল্যায়ন করেন।
মায়ানমারের ভূমিকম্পের প্রভাব
মায়ানমারে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কম্পন থাইল্যান্ডের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়, ফলে ভবনগুলো দুলতে থাকে এবং সুইমিং পুলের পানি উপচে পড়ে।
মৃতের সংখ্যা শনিবার বেড়ে এক হাজার ছাড়িয়ে গেছে।
ধ্বংসস্তূপের নিচ থেকে আরো অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহরের কাছে।
অন্যদিকে থাইল্যান্ডে ব্যাঙ্কক শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, ২৬ জন আহত ও ৪৭ জন নিখোঁজ রয়েছে, যাদের বেশির ভাগই রাজধানীর জনপ্রিয় চাতুচাক মার্কেটসংলগ্ন একটি নির্মাণস্থলের শ্রমিক।
সূত্র : এনডিটিভি
