নিজস্ব প্রতিবেদক
যশোর থেকে ইজিবাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার দায়তলা এলাকা থেকে দুইজনকে আটক করে ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ওই দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
সদর উপজেলার ভেকুটিয়া কলোনী মোড়ের রবিউল ইসলাম (৫৩) কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি গত ২ মে (শুক্রবার) দুপুরে ইজিবাইকটি শহরে বিমান অফিসের পাশে রেখে নাস্তা করতে একটি হোটেলে ঢোকেন। কিছু সময় পর এসে দেখেন ইজিবাইকটি নেই। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয় লোকজন জানায় দুই ব্যক্তি ওই ইজিবাইকটি দ্রুত গতিতে নিয়ে শহরের মনিহার এলাকার দিকে গেছে। তিনি দ্রুত সেখানে যান এবং নড়াইল গামী একটি বাসে উঠেন। বাসে করে দায়তলা বাজারের কাছে পৌছালে তার ইজিবাইকটি দেখতে পান। ওই ইজিবাইকে ৪/৫জন নড়াইলের দিকে যাচ্ছিল। তিনি সাথে সাথে স্থানীয় লোকজনের সহযোগিতায় ইজিবাইকটির বেড়িগেট দেন। সাথে সাথে ৩জন পালিয়ে যায়। আর দুইজনকে আটক করে মারপিট করে স্থানীয়রা। এরা হলো, মাগুরা সদর উপজেলার ভায়না (শান্তিবাগ) গ্রামের তরিকুল চোপদারের ছেলে জুবায়ের হোসেন (২৩) এবং খালকুল পাড়ার ফাহান শেখের ছেলে বাপ্পী শেখ (২২)।এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, এরপর স্থানীয় লোকজন চানপাড়া পুলিশ ফঁাড়িতে সংবাদ দিলে পুলিশ গিয়ে দুইজনকে আটক করে। এবং ইজিবাইকটি তাদের জিম্মায় নেয়। পরে তিনি থানায় মামলা করেন।

