যশোর দড়াটানায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বুধবার বিকাল ৫টায় যশোর দড়াটানা শহীদ চত্ত্বরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মজিবর রহমান খান মহারাজ। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলার সভাপতি আশুতোষ বিশ্বাস, সহ-সভাপতি এ্যাডঃ আহাদ আলী লস্কর, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক তাইজেল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার ও হোটেল শ্রমিক নেতা মোঃ রাজু প্রমুখ। পরিচালনা করেন ওয়াসিম হোসেন। নেতৃবৃন্দ বলেন, আমরা হোটেল সেক্টরে অবিলম্বে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে ৬ সদস্যের পরিবার বেঁচে থাকার জন্য মজুরি বোর্ডের মাধ্যমে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে তা বাস্তবায়ন, পবিত্র ঈদুল আজহায় এক মাসের মজুরির সমান উৎসব বোনাস প্রদান, নিয়োগপত্র-পরিচয়পত্র-সার্ভিসবুক প্রদান এবং ৮ ঘন্টা শ্রম দিবস, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি বাস্তবায়নের দাবিতে আমরা দীর্ঘ দিন আন্দোলন করে আসছি। কিন্তু করোনা মহামারীর পর থেকে মালিকপক্ষ নানা অজুহাতে আমাদের অর্জিত অধিকার অনেকাংশ হরণ করেছে। এ বছর ৫ মে হোটেল সেক্টরে নতুন গেজেট পাশ হয়েছে। এ প্রেক্ষিতে উক্ত গেজেট বাস্তবায়নসহ উপরোক্ত দাবিতে আন্দোলনের বিকল্প নাই। সাথে সাথে নেতৃবৃন্দ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক ও হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি শ্রমিকনেতা আনোয়ার হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়