৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতীয় ক্রিকেট বোর্ডের নেতৃত্বে বড় পরিবর্তন আসছে

প্রতিদিনের ডেস্ক॥
পরিবর্তন আসতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি পদে। আগামী জুলাইয়ে দায়িত্ব ছাড়বেন বর্তমান সভাপতি রজার বিনি। এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিতে পারেন বিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি রাজীব শুক্লা। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ৭০ বছরের বেশি বয়সী কেউ বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন না। ফলে বর্তমান সভাপতি রজার বিনি ৭০ বছর পূর্ণ করলে তাকে পদটি ছাড়তে হবে। আর আগামী জুলাইয়ে তিনি ৭০ পূর্ণ করবেন। তাই জুলাইয়ের পর আর দায়িত্বে থাকতে পারবেন না তিনি। ভারতের গণমাধ্যমের খবর, বিসিসিআইতে ইতোমধ্যেই এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘শুক্লা বিনির জায়গায় জুলাইতেই আসতে পারেন। বোর্ড কর্তারা ইতোমধ্যেই তার নাম নিয়ে আলোচনা শুরু করেছেন। শুক্লা বর্তমানে বিসিসিআই সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন, অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক এবং প্রবীণ রাজনীতিবিদ, যিনি আগে আইপিএলের চেয়ারম্যান ছিলেন। তাকেই বিবেচনা করা হচ্ছে।’-যোগ করেন তিনি। নিয়ম অনুযায়ী, বোর্ডের সবচেয়ে সিনিয়র সহ-সভাপতিই অন্তর্বর্তীকালীন সভাপতি হন যতক্ষণ না নির্বাচন হয়। ২০২০ সালের ২৪ ডিসেম্বর সহ-সভাপতির দায়িত্ব নেওয়া শুক্লা এই শর্ত পূরণ করার সবধরনের যোগ্যতা রাখেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়