প্রতিদিনের ডেস্ক॥
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিক।সেই অবস্থা থেকে দলকে বড় স্কোর উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও কর্বিন বশ। প্রিটোরিয়াসর রেকর্ড ১৫৩ রান করেন, আট নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করেন বশ। তাদের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪১৮ রান। আনকোরা দল নিয়ে প্রায় ১১ বছর পর জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলতে নামে দক্ষিণ আফ্রিকার। টেস্ট অভিষেকে দেড়শ ছাড়ানো দুর্দান্ত ইনিংস খেলে একাধিক রেকর্ডে গড়েন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। আরেক অভিষিক্ত ডেওয়াল্ড ব্রেভিস (৫১) করলেন ঝড়ো ফিফটি। আট নম্বরে নেমে লেজের ব্যাটসম্যানদের নিয়ে অসাধারণ সেঞ্চুরি উপহার দিলেন কর্বিন বশ। প্রথম দিনেই চারশ ছাড়িয়ে গেল প্রোটিয়ারা। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের শুরুর দিন একপর্যায়ে ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে তারা দিন শেষ করেছে ৯ উইকেটে ৪১৮ রানে। ওভারপ্রতি রান তুলেছে ৪.৬৪ করে। ১৯ বছর ৯৩ দিন বয়সে তিন অঙ্ক ছুঁয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে গেছেন প্রিটোরিয়াস। ১৪ চার ও ৪ ছক্কায় ১৬০ বলে ১৫৩ রানের ইনিংস খেলার পথে তিনি ভেঙে দিয়েছেন ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা গ্রায়েম পোলকের রেকর্ড (১৯ বছর ৩১৭ দিন)। টেস্টে সবচেয়ে কম বয়সে দেড়শ ছোঁয়া ইনিংসের রেকর্ডও গড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১৯৭৬ সালে টেস্ট অভিষেকে লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৬৩ রানের ইনিংস খেলে আগের রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ (১৯ বছর ১১৯ দিন)। স্বীকৃত ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে বশ অপরাজিত আছেন ১০ চারে ১২৪ বলে ১০০ রানে। আট নম্বরে বা এর নিচে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ১৩তম সেঞ্চুরি এটি। বশের আগে সবশেষ ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে আটে নেমে সেঞ্চুরি করেছিলেন জেপি দুমিনি। আটে নেমে দুটি করে সেঞ্চুরি আছে দেশটির এরিক ডাল্টন ও মার্ক বাউচারের। ৯ নম্বরে নেমে দুটি শতক আছে শন পোলোকের।সম্প্রতি লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ২৭ বছরের আইসিসি ট্রফি খরা কাটানোর পর এই প্রথম টেস্ট খেলছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের অনেককেই দুই ম্যাচের এই সিরিজে বিশ্রাম দিয়েছে প্রোটিয়ারা। টেম্বা বাভুমার চোটে দলকে নেতৃত্ব দিচ্ছেন কেশাভ মহারাজ, ৫৯তম টেস্ট খেলতে নেমে এই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারও তিনিই।
সংক্ষিপ্ত স্কোর:-দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯০ ওভারে ৪১৮/৯ (প্রিটোরিয়াস ১৫৩, বশ ১০০*, ব্রেভিস ৫১; চিভাঙ্গা ১৬-২-৮৩-৪, মুজারাবানি ২০-৭-৫৯-২)

