১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আমিরের ছেলের নায়িকা হয়ে বলিউডে সাই পল্লবী

প্রতিদিনের ডেস্ক
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে পা রাখতে চলেছেন। তার প্রথম হিন্দি চলচ্চিত্র ‘এক দিন’। এই ছবিতেই তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে।
ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজে। সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৭ নভেম্বর ২০২৫।চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এক্স (সাবেক টুইটার)-এ এই খবর নিশ্চিত করেন। ছবিটি পরিচালনা করছেন সুনীল পাণ্ডে। ‘এক দিন’ শুধু সাই পল্লবীর বলিউড অভিষেকই নয়, এটি আমির খান ও মনসুর খানের দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফেরা। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু… বা জানে না’। সেখানে অভিনয় করেছিলেন ইমরান খান ও জেনেলিয়া ডি’সুজা।
উল্লেখযোগ্য বিষয় হলো, মনসুর খানই ১৯৮৮ সালে আমির খানের বলিউড অভিষেক ছবি ‘কয়ামত সে কয়ামত তক’ পরিচালনা করেছিলেন। এরপর তিনি ‘জো জিতা ওহি সিকান্দার’ (১৯৯২) এবং ‘আকেলে হাম আকেলে তুম’ (১৯৯৫)–এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।এদিকে জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তিনি অভিনয় করেছেন খুশি কাপুরের বিপরীতে ‘লাভেয়াপা’ ছবিতে।
‘এক দিন’ ছবির মাধ্যমে সাই পল্লবীর মতো শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে জুনায়েদ দারুণ সাফল্য পাবেন বলেই প্রত্যাশা করছেন অনেকে। ছবিটি যেমন নতুন একটি জুটিকে পর্দায় আনছে, তেমনি ফিরিয়ে আনছে খান পরিবারের দুই ভাইয়ের পুরনো সৃজনশীল জুটিকেও।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়