১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত

প্রতিদিনের ডেস্ক
বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। যার প্রেক্ষাপটে আগামী কয়েক দশকের মধ্যেই ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় শীর্ষস্থানে পৌঁছবে। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা জানায়, ২০৫০ সালের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি। যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যা বৃদ্ধির চেয়েও বেশি। বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে ২০১০ সালে ছিল ২৩.৯ শতাংশ, ২০২০ সালে তা হয়েছে ২৫.৬ শতাংশ। এর কারণ হিসেবে প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টার বলেছে, মুসলিমদের জন্মহার মৃত্যু হারের চেয়ে অনেক বেশি। ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে ২৮০ কোটিতে। সেই হিসেবে ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত। অন্যদিকে, ২০১০-২০ সময়কালে হিন্দু ধর্মাবলম্বী মানুষ বেড়েছে ১২ শতাংশ। যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান। পিউয়ের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ছিল ১২০ কোটি, যা বিশ্বের জনসংখ্যার ১৪.৯ শতাংশ। এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে। রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা যেখানে ছিল ৮০ শতাংশ। ২০২০ সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে ৭৯ শতাংশ। অন্যদিকে একই সময়সীমায় দেশটিতে মুসলিমদের জনসংখ্যা ১৪.৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫.২ শতাংশ। ১০ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা ৩.৫৬ কোটি বেড়েছে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। এই বৃদ্ধির জন্য অধিক প্রজননকেই দায়ী করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়