গোপালগঞ্জেহ সহিংসতা পুনরাবৃত্তি যেন না হয়

গোপালগঞ্জ শহরে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গত বুধবারের হামলা-সংঘর্ষের পর থেকে কিছু সময়ের বিরতি দিয়ে কারফিউ চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী গতকাল রাত পর্যন্ত অন্তত ২৫ জনকে আটক করেছে। হামলায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় রাজনৈতিক দলসহ নানা মহল থেকে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিএনপির পক্ষ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় হতাহতের ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি এই ঘটনাসহ সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে আসন্ন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র কাজ করছে বলেও মনে করে বিভিন্ন রাজনৈতিক দল ও সুধীমহল।
বিএনপির উচ্চ মহলের সন্দেহ, হামলা-সংঘর্ষের মাধ্যমে পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে কটূক্তি এবং দলের বিরুদ্ধে নানা অপপ্রচার নির্বাচন ঠেকানোর লক্ষ্যে পরিচালিত একটি নীলনকশার অংশ। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হচ্ছে। কারা এই ‘ষড়যন্ত্রকারী’ তা তাঁরা জানেন। কিন্তু পরিস্থিতি জটিল করে তুলতে চাইছেন না বলে কারো নাম উল্লেখ করছেন না। দলটির অন্তত তিনজন জ্যেষ্ঠ নেতা মনে করেন, কয়েকটি রাজনৈতিক দল দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, এটা পরিষ্কার। গত বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও নেতারা বলেন, পরিকল্পিতভাবেই একটি মহল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচন ঠেকানো। কারণ নির্বাচন ছাড়াই যারা ক্ষমতার স্বাদ পাচ্ছে, নির্বাচনের পর তাদের সেই ক্ষমতা নাও থাকতে পারে। গোপালগঞ্জের এই ঘটনায় অন্যান্য বাহিনীকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর যে ভূমিকা নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রশ্ন উঠেছে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে। গোয়েন্দারা কেন আগে থেকে কিছুই জানতে পারল না? আগেই কেন তা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না? বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোয়েন্দা তথ্য ছিল। তবে এত পরিমাণ যে হবে ওই তথ্য হয়তো ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এটা কোনো পরিকল্পিত হামলা ছিল না। আমাদের কাছে সব ধরনের তথ্য ছিল এবং আমাদের প্রস্তুতিও ছিল। তবে এ ঘটনায় কারো গাফিলতি থাকলে খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।’ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এখন গণ-অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস দেখানো হচ্ছে। পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী দল বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা দেখতে পাচ্ছি।’ তিনি দুঃখ করে বলেন, ‘আমরা জুলাই ছাত্র-অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। এখন দেখতে পাচ্ছি সারা দেশে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসির রাজত্ব চলছে।’ আমরা চাই গোপালগঞ্জে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি এই ঘটনার সঙ্গে ষড়যন্ত্র ও ইন্ধনের যেসব অভিযোগ উঠছে, সেগুলো জাতির সামনে স্পষ্ট করা হোক। এমন সহিংসতার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়