প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসা ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে গেছেন। চার সদস্যের এ দলটি বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছায়।জাতীয় বার্ন ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা ও দায়িত্বরত আনসার সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে সিঙ্গাপুর থেকে আসা আরেকটি চিকিৎসক দলও সেখানে প্রবেশ করেছে বলে জানিয়েছেন তারা।
চার সদস্যের ভারতীয় দলে আছেন নয়া দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদার জং হাসপাতালের অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ দুজন বার্ন ও প্লাস্টিক সার্জন। তাদের সঙ্গে আছেন দুজন নার্স।বিশেষজ্ঞ চিকিৎসক দলটি দগ্ধ ব্যক্তিদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার পাশাপাশি প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করবে। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের দলটি রোগীদের অবস্থা মূল্যায়ন করবে এবং প্রয়োজনে ভারতে আরো চিকিৎসা ও বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবে। তাদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসক দলও বাংলাদেশে আসতে পারে।
