যশোরে ছোট বোনকে হত্যার ঘটনায় ভাই-ভাবী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে আপন বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাই খোকন মোল্লা (৪২) ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে খোকন মোল্লাকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে যশোর শহরের রাজারহাট এলাকা থেকে তার স্ত্রী সালমা বেগমকেও আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন। আটক খোকন খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করছেন। একই গ্রামে থাকতেন নিহত শারমিন (৩৫) ও তার স্বামী শিমুল হোসেন। পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি বোন শারমিনকে হত্যার কথা স্বীকার করেছেন। তাদের ভাষ্যমতে, গত ২৩ জুলাই সকালে পারিবারিক টাকার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে শারমিনের সঙ্গে ভাবি সালমার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে খোকন হাসুয়া হাতে বোনের বাড়িতে গিয়ে তাকে উপর্যুপরি কোপ দেন। ঘটনাস্থলেই শারমিন মারা যান। ঘটনার রাতেই কোতোয়ালি থানায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই যশোর। তদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় ঘাতক ভাই ও ভাবিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক কলহ থেকে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুত দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়