নিজস্ব প্রতিবেদক॥
মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে দুদিনব্যাপি জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ আজ শুক্রবার ৮ আগস্ট বিকেলে শেষ হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসুচিটি গত বৃহস্পতিবার সকালে সংগঠনের কনফারেন্স রুমে শুরু হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ”আশ্বাস” প্রকল্পের অধীনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যসহ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক বাদশা মিয়া। দুদিনব্যাপি এ কর্মসূচির সেশন পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা, ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ রুমকি ও তথ্য কর্মকর্তা ও প্রকল্পের সোশ্যাল মবিলাইজার বজলুর রহমান। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী সারভাইভাররা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তাদের মতামত উপস্থাপন করেন। কর্মসূচিতে আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল মানুষ কে কি ও কেন? আত্ম অনুসন্ধান, আমাদের ইচ্ছা বনাম স্বপ্ন, অধিকার ও দায়িত্ব, পরিবর্তনের লক্ষ্য ও উদ্যোগ গ্রহণ, আত্মবিশ্বাস নির্মাণ, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান, হাল ছেড়ে দেয়া না দেয়া ,জনযোগ সম্মতায়ন, স্বপ্নপূরণে নিজের সম্ভাবনা দায় বদ্ধতা, অভিবাসন প্রক্রিয়া, মানব পাচার কি ও এর শাস্তি এবং করণীয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সারভাইভাররা বলেছেন, জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত লব্ধজ্ঞান তাদের ভাগ্য ও জীবনের মোড় ঘোরাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তাদের বিশ্বাস। প্রশিক্ষণ শেষে তারা ধারাবাহিকভাবে ”আশ্বাস” প্রকল্পের বিভিন্ন ট্রেডে অন্তর্ভুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন বলেও মতামত ব্যক্ত করেন। কর্মসূচিতে যশোরের বিভিন্ন অঞ্চল থেকে আগত ২০ জন মানব পাচারের পর উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ সারভাইভার উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
