রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের সদর উপজেলার চর-শালিখা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মীনা বেগম নামের এক জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।শনিবার সকালের দিকে চর-শালিখা প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে গ্রামটির দক্ষিণ পাড়ার আজিজার শেখ ও পশ্চিম পাড়ার মশিয়ার শেখ গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, চর-শালিখা গ্রামের আধিপত্য নিয়ে প্রায় দুই মাস আগে একটি সংঘর্ষকে কেন্দ্র করে দক্ষিণ পাড়ার আজিজার শেখ সমর্থিত লোকজন এলাকা ছাড়া হয়। পরে পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে চলতি মাসে আপোষ মিমাংসার মাধ্যমে এলাকায় ফিরে আসে আজিজার শেখ,এনায়েত শেখ, হিরু মিয়া সমর্থিত লোকজন। গত ১৫ আগস্ট সকালে সদরের সীতা রামপুর ব্রিজের ওপর আজিজার গ্রুপের মুরাদ শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মশিয়ার শেখের লোকজন। এ ঘটনার জের ধরে আজিজার শেখের সমর্থিত লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শনিবার সকালে মশিয়ার শেখ সমর্থিত লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে মশিয়ার গ্রুপের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংর্ঘর্ষে আহতরা হলো- লিটন শেখ, মিজান শেখ, মনির শেখ, নাজমুল কাজী, সাত্তার শেখ, প্রিন্স শেখ, রানা কাজী, চান মিয়া শেখ, বিল্লাল কাজী, নাঈম শেখ, সোহাগ শেখ, মেহেদী হাসান, রিয়াদ শেখ, তরিকুল ইসলাম,ইয়াদুল শেখ, মিরফুল শেখ, ফেরদৌস কাজী, শাহীন শেখ, হাসান শেখ, মীনা বেগম। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে।

