উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব ঘিরে উপজেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে ছিল দিনব্যাপী নানা কর্মসূচি ও ধর্মীয় আয়োজন। শনিবার (১৬ আগস্ট) সকালে গীতাপাঠ ও বিশেষ পূজার মাধ্যমে উৎসবের সূচনা হয়। উপজেলার রাধা-গোবিন্দ মন্দির, মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনীর বিভিন্ন মন্দিরে হাজার হাজার ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রা, আরতি, কীর্তন ও দীপ প্রজ্জ্বলন করা হয়। বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় শিশু-কিশোর ও তরুণরা, অনেকে শ্রীকৃষ্ণ ও রাধার সাজে উপস্থিত হয়ে ভক্তদের মন জয় করে নেয়। মন্দির প্রাঙ্গণে ছিল ধর্মীয় আলোচনা, মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্যই নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর। তাঁর জীবন ও উপদেশ আজও আমাদের পথ দেখায়।”জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডক্টর মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, পৌর-বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু প্রমূখ।

