প্রতিদিনের ডেস্ক
কখনো বিদেশে ঘুরতে যাচ্ছেন। কখনো আবার নতুন ব্যবসা শুরু করছেন। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে নিয়ে আলোচনার শেষ নেই। তাকে নিয়ে দর্শকের প্রশ্নেরও শেষ নেই। কেউ তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন করেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন তার ভ্রমণ নিয়ে। শোনা যায়, তিনি যে বাড়িতে থাকেন তার দাম নাকি আড়াই কোটি টাকা। মাসিক প্রায় এক লাখ টাকা কিস্তি গোনেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একসঙ্গে আড়াই কোটি টাকা আমি দেখিনি। যদি এত কোটি টাকার কিছু করি তাহলে আমি কেন বলবো না? কেন লুকিয়ে রাখবো? তিনি আরও বলেন, তিলে তিলে আমি নিজের জায়গা তৈরি করেছি। হতে পারে অনেক দিন খাইনি। তিন বছর ঘুরতে যাইনি। জীবনের অনেক কিছু ছেড়ে আজ এই জায়গা তৈরি করতে পেরেছি। তাতে যদি আমি নিজের বাড়ি তৈরি করি, তাতে অসুবিধার তো কিছু নেই। নিজের সাফল্য কেন ভাগ করে নেবো না আমি? উল্লেখ্য, সদ্য নিজের শাড়ির ব্যবসা শুরু করেছেন দেবচন্দ্রিমা। মা আর বোনই তার এই ব্যবসা সামলাচ্ছেন। সেই সঙ্গে ওয়েব সিরিজের কাজও চলছে। গতকাল মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ ‘তোমাকে বুঝি না প্রিয়’।

