১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ৫ পিস সোনার বারসহ রুবেল আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে একের পর এক স্বর্ণেরবারসহ পাচারকারী আটক হচ্ছে। কখনো যশোর নড়াইল আবার কখনো যশোর-খুলনা সড়কে বিজিবির অভিযানে ধরা পড়ছে সোনাসহ পাচারকারী। যদিও আটককৃতরা চোরাচালান সিণ্ডিকেটের দিনমজুর বলে দাবি করে আসছে। কেউ আবার তাদের বহনকারী দাবি করেন। গত ৩দিনে প্রায় ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণবার উদ্ধার ও পাচারকারীদের আটক করেছে বিজিবি। বিভিন্ন মহলের ধারণা-যশোরকে সোনা পাচার সিণ্ডিকেট নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে। তারা যে বড় চালান পাচার করছে না-তার কোনো গ্যারান্ট্রি নেই। অনেকেরই ধারণা-যা পাচার হচ্ছে, তার খুব কম সোনা ধরা পড়ছে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে। যদিও সূত্রে পাওয়া তথ্য ধারণা নির্ভর। বৃহস্পতিবার (২১ আগস্ট) একদিনের সকালে খুলনা-যশোর মহাসড়কের মুড়লিমোড় এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামের এক ব্যক্তিকে আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ৫ পিস সোনার পাওয়া যায়। আটক রুবেল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। এছাড়া তার কাছ থেকে নগদ ৩ হাজার ৯৯৫ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সম্প্রতি তিনটি অভিযানে বিজিবি ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ৫৭৬ টাকার সোনা উদ্ধার করেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রুবেল ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে সোনা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আগে থেকেই সতর্ক ছিল। মেইন সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় রুবেলকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসঙ্গতিপূর্ণ জবাব দেন। পরে দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।এরআগে গত মঙ্গলবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আফছার আলী নামে আরেক পাচারকারীকে আটক করে বিজিবি। সেখান থেকে ৫ পিস সোনার বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৯৭ লাখ ৫৪ হাজার ৫৬ টাকা। তারও আগে সোমবার যশোর সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে অভিযান চালিয়ে আরও দুই সোনা পাচারকারীকে আটক করে বিজিবি। তারা হলেন- রাজবাড়ীর সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)। তাদের কাছ থেকে ৫ পিস সোনার বার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া নগদ ১৫ হাজার ৭৩০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গত ৪ দিনে ৩টি অভিযানে বিজিবি ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ৫৭৬ টাকার সোনা উদ্ধার করেছে। আটক করা হয়েছে ৪ পাচারকারীকে। তবে এখনো মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। তারা এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রেখে বিকল্প উপায় ও পথে স্বর্ণের বড় চালান ভারতে পাচার করছে কি-না, তা খতিয়ে দেখা জরুরী-বলছেন সচেতন মহল।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়