কুয়াদায় সাপের কামড়ে প্রাণ গেল ফাইমের

শামিম হোসেন, কুয়াদা
কুয়াদায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছে ফাইম হোসেন (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার ভোরে যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজসিঙ্গা উত্তরপাড়া গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। নিহত ফাইম কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং স্থানীয় বাসিন্দা আজিজুল রহমানের ছোট ছেলে । পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ফাইমকে হঠাৎ একটি বিষধর সাপ কামড়ে দেয়।কামড়ের যন্ত্রণা অনুভব করেই ঘুম ভেঙে যায় তার। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পেরে স্থানীয় এক কৃষক ওঝা নাজিমের কাছে নিয়ে যান। কিন্তু আধুনিক চিকিৎসার পরিবর্তে ওই ওঝা কিছু ঝাড়ফুঁক করে ফাইমকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেন।এরপর সকালবেলা হঠাৎ ফাইমের মুখ দিয়ে গ্যাজা বের হতে শুরু করে এবং তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে স্থানান্তর করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাইম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফাইমের অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন তার বাবা-মা। শোকে মুহ্যমান স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। শিশুটিকে হারিয়ে শুধু পরিবার নয়, সহপাঠী, কুয়াদা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জাবের আলী দুঃখ প্রকাশ করেন, এবং বলেন সঠিক সময়ে ওঝার কাছে না নিয়ে সঠিক চিকিৎসা দিলে হয়তো আজ ফাইম বেঁচে যেত। মেধাবী ছাত্রকে হারিয়ে শিক্ষক এবং প্রতিবেশীরাও শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। শুক্রবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়