শার্শার বিলে যুবকের ভাসমান লাশ উদ্ধার

আনিছুর রহমান, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার মালশাকুড় বিলে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। জানা গেছে, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামসংলগ্ন মালশাকুড় বিলে ভৌতার খালপাড়ে লাশটি ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে শার্শা থানার ওসি কে. এম রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে পুলিশ জানায়, নিহত ব্যক্তি হলেন খাইরুল ইসলাম (৩৫)। তিনি বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, মৃতদেহটি উলঙ্গ অবস্থায় ছিল এবং তার পরনে কেবল একটি টি-শার্ট ছিল। লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নাক ও মুখ দিয়ে সামান্য রক্ত বের হওয়ার আলামত রয়েছে। ধারণা করা হচ্ছে, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে তার মৃত্যু হয়েছে। ওসি রবিউল ইসলাম বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে।” স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু,তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়