নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা শাখা প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে। সোমবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে যে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে এর মধ্যে রয়েছে। ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ শুধুমাত্র চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়িংসহ সকল টেকনোলজি) জন্য সংরক্ষণ রাখা। উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০ শতাংশে উন্নীত করা। যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন। পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি গুলোতে ১:১২ অনুপাতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ। প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন এবং গবেষণায় উদ্বুদ্ধকরণ। মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধকরণ। আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি। প্রতিনিধিদল দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে।

