নিজস্ব প্রতিবেদক
যশোরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সদর উপজেলার লাউখালী ও চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—মোহাম্মদ মুজাহিদ (৭), আপন হোসেন (৮) এবং তাওহীদ হাসান (৫)। মুজাহিদ ও আপন সম্পর্কে খালাতো ভাই। পরিবারের সদস্যরা জানান, মুজাহিদ ও আপন সাত মাইল এলাকার লাউখালী গ্রামে তাদের নানা বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। দুপুরে খেলার সময় অসাবধানতাবশত দুজনেই বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত মুজাহিদের বাড়ি কোতোয়ালি উপজেলার সুলতানপুরে এবং আপনের বাড়ি রসুলপুর গ্রামে। অন্যদিকে, একইদিন সকালে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের কাঁঠালতলার বিপুলের ছেলে তাওহীদ হাসান (৫) পাশ্ববর্তী ইসলামপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। নিহতের নানা তরফ আলী জানান, সকালে পরিবারের সদস্যদের অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, দুপুরে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে মুজাহিদকে মৃত ঘোষণা করা হয়, আর আপন চিকিৎসা দেওয়ার সময় মারা যায়। দুজনের মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়াকেই প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুইজন সম্পর্কে খালাতো ভাই। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, অপর শিশুর মরদেহ পরিবারের কাছে আছে।”

