১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কচুয়ায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

সিকদার সাইদুল ইসলাম, কচুয়া
বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে দুর্বৃত্তের হামলায় জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যার শিকার মিন্টু কচুয়া উপজেলার শিবপুর গ্রামের সরদার আবু বক্কারের ছেলে। তার দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দুই বিয়ের কারণে দীর্ঘদিন ধরে মিন্টু পারিবারিক অশান্তিতে ছিলেন। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সাথে মিন্টুর ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে বাইরে থেকে ৮-১০ জন লোক এসে মিন্টুকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। অবস্থা গুরুতর হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়