নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুরোনো শত্রুতার জেরে মোহাম্মদ পান্নু হোসেন (৩৭) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নারকেলবাড়িয়া বাজারে দিনের আলোয় প্রকাশ্যে ঘটে এই ঘাতক হামলা। পাঁচবাড়িয়া গ্রামের কাশেদ শিকদারের ছেলে পান্নু হোসেন নিয়মিত বাজার করার জন্য নারকেলবাড়িয়া বাজারে গেলে ওঁত পেতে থাকা একই এলাকার আনসারুল (৬৫), তার দুই ছেলে জিয়াউল (৪৫) ও টগর (৪২) তাকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে—এমন অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা প্রথমে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পান্নুকে রক্তাক্ত করে ফেলে। পরে নির্দয়ভাবে পায়ে ধারালো গাছিদা দিয়ে কোপ মেরে গুরুতর জখম—এমনকি হাড়ও ভেঙে দেয় বলে অভিযোগ রয়েছে। রক্তে ভেজা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতি গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।বাঘারপাড়া থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

