১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ইটভাটা শ্রমিক নিহত

মোল্লাহাট সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের এক ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মোল্লাহাট মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে। প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালকের বরাত দিয়ে স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ঠাকুর ভোরে বাইসাইকেল ঠেলে কর্মস্থলের উদ্দেশে সেতুর ওপরে উঠছিলেন। এ সময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ নিজের লেন ছেড়ে সম্পূর্ণ বিপরীত লেনে উঠে তাকে চাপা দেয়। পরে দ্রুতগতিতে দুর্ঘটনাস্থল ত্যাগ করে খুলনার দিকে পালিয়ে যায় গাড়িটি।
প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, চালক হয়তো ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে তার হুশ ফিরে আসে এবং তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলেই ঠাকুর মারা যান। স্থানীয়রা জানান, ঠাকুর দীর্ঘদিন ধরে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার পথে তিনি প্রাণ হারালেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যান শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে। মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে ঘাতক গাড়ির তথ্য পাননি বলে জানান তিনি।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়