প্রতিদিনের ডেস্ক
পয়া মাঠ বলে কথা! টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান ও সেঞ্চুরি অ্যাডিলেড ওভালেই করেছেন ট্রাভিস হেড। প্রিয় মাঠ তাই কিভাবে খালি হাতে ফেরান হেডকে। হতাশ করেনি অ্যাডিলেড। দুই হাত ভরেই হেডকে দিয়েছে পিচটি। সেই সুযোগে আজ রান ও সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে নিয়েছেন হেড। এই মাঠে টানা চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি ওপেনার। প্রথম ইনিংসে ১০ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অপরাজিত আছেন। তার সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টর তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ৩৫৬ রানের লিড পেয়েছে। দিন শেষে অজিদের দ্বিতীয় ইনিংস দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৭১ রান। হেড ১৪২ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৩ চার ও ২ ছক্কায়। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করেছেন তিনি। তাতে অস্ট্রেলিয়ার কোনো নির্দিষ্ট ভেন্যুতে বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে টানা চার টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন ডন ব্রাডম্যান, ওয়ালি হ্যামন্ড মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ। হেডের সেঞ্চুরির বিপরীতে ফিফটি পেয়েছেন অ্যালেক্স ক্যারি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ক্যারি (১০৬) দিন শেষে অপরাজিত আছেন ৫২ রানে। এ ছাড়া ৪০ রানের ইনিংস খেলেছেন উসমান খাজা। প্রতিপক্ষের হয়ে ২ উইকেট নিয়েছেন জশ টাং। এর আগে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের বিপরীতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়। ৮ উইকেটে দলীয় ২১৩ রানে দিন শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও জফরা আর্চার। আজ দুজনই ফিফটি তুলে নিয়েছেন। আর্চারের ৫১ রানের বিপরীতে দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক স্টোকস। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড ও অধিনায়ক প্যাট কামিন্স।
