কালিগঞ্জ প্রতিনিধি
জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু সচেতনতা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কালিগঞ্জ উপজেলা মাঠে এ মেলার আয়োজন করা হয়। ইউএন উইমেনের সহায়তায় এমপাওয়ার প্রকল্পের আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি)-এর উদ্যোগে আয়োজিত এ মেলায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আকতার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিসিপির সিনিয়র ডেপুটি ডাইরেক্টর বাদল হালদার। মেলার সার্বিক সহযোগিতা প্রদান করে কালিগঞ্জ উপজেলা প্রশাসন। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া সরকারি ও বেসরকারি সংস্থার মোট আটটি স্টলে জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলাটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

