প্রতিদিনের ডেস্ক:
ইরান ফের তার পরমাণু কেন্দ্রগুলো পুনর্গঠন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম সম্প্রসারণ করছে। যা কেবল ইসরায়েলের জন্যই নয় বরং মার্কিন স্বার্থসহ বৃহত্তর অঞ্চলের জন্যও বিপদজনক বলে আশঙ্কা করছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে দেশটি।মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসিকে এ তথ্য জানিয়েছেন ওই পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এক কর্মকর্তা ও চার সাবেক মার্কিন কর্মকর্তা।প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে ইসরায়েলের সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম আবার বাড়ানোর কাজ শুরু করেছে ইরান। একই সঙ্গে ইরান পরমাণু সমৃদ্ধি কেন্দ্রগুলো পুনর্গঠন করছে, যা যুক্তরাষ্ট্র গত জুনে বোমাবর্ষণে ধ্বংস করেছিল। ইরানের এসব কার্যক্রম অত্যন্ত উদ্বেগের বিষয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শেষের দিকে ফ্লোরিডায় বৈঠকের কথা রয়েছে। সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে ওই বৈঠকে বোঝাতে চান, ইরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু। সেই সঙ্গে ট্রাম্পকে নতুন সামরিক অভিযানগুলোতে যুক্ত হওয়ার বা সহায়তা পাওয়ার কথাও জানাবেন নেতানিয়াহু। তবে এ বিষয়ে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যেদিক ইরানও কোনো প্রতিক্রিয়া জানায়নি।এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরানের পরমাণু প্রোগ্রাম ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে সেখানে হামলা করা হবে। গত বুধবার এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি ইরানের পরমাণু হুমকি ধ্বংস করেছেন এবং গাজার যুদ্ধ শেষ করেছেন, যার মাধ্যমে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক হামলার বিষয়ে ভাবছেন। যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কোনো যুদ্ধে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। কয়েকদিন আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরায়েলের নেতানিয়াহু সরকার ফের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ইরান। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
