১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

হঠাৎ গায়েহলুদের ছবি ভাইরাল, অনন্যা গুহ কি গোপনে বিয়ে সারলেন?

প্রতিদিনের ডেস্ক
বুধবার (৭ জানুয়ারি) হঠাৎই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় অভিনেত্রীর গায়েহলুদের ছবি। স্বাভাবিকভাবেই শুরু হয় জল্পনা—আসল ব্যাপারটা কী? কথা ছিল ২০২৬ সালে বিয়ে করবেন। কিন্তু তাহলে কি তার আগেই গোপনে বিয়ে সেরে ফেললেন অনন্যা গুহ? হ্যাঁ, এটা সত্যি যে অনন্যা গুহ বিয়ে করছেন। তবে সেটা সুকান্ত কুণ্ডুকে নয়—এখানেই রয়েছে আসল চমক। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বাগদান, আইনি বিয়ের পর সম্পর্ক ভেঙে অন্য কাউকে বিয়ে করছেন—এমন ধারণা একেবারেই ভুল।
আসলে অনন্যা গুহ বিয়ে করছেন ঠিকই, তবে সেটা বাস্তবে নয়—পর্দায়। বর্তমানে দর্শকরা তাঁকে সান বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগে আদরে’-তে দেখতে পাচ্ছেন। এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন ‘ডিনা’ চরিত্রে। গল্প অনুযায়ী ডিনার সঙ্গে সূর্য নামের একটি চরিত্রের বিয়ে হচ্ছে। সেই পর্বেই দেখানো হচ্ছে গায়েহলুদ, মেহেন্দি, সঙ্গীতসহ নানা বিয়ের আনুষ্ঠানিকতা। আর সেখান থেকেই ভাইরাল হয়েছে অনন্যার গায়েহলুদের ছবি। অভিনেত্রী নিজেই তার পর্দার গায়েহলুদের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
বাস্তব জীবনে এখনও গাঁটছড়া বাঁধেননি অনন্যা গুহ। তবে নিজের বিয়ের দিনক্ষণ আগেই জানিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু একসঙ্গে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে ৬ জানুয়ারি তারা জানান, তাদের বিয়েতে আর মাত্র দুই মাস বাকি। ফলে স্পষ্ট, ২০২৬ সালের ৬ মার্চ সামাজিকভাবে বিয়ে করবেন তারা।ইতিমধ্যেই দুই পরিবারেই বিয়ের প্রস্তুতি অনেকটাই সম্পন্ন। এখন চলছে শেষ মুহূর্তের আয়োজন। অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু দু’জনেই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। অভিনয়ের পাশাপাশি অনন্যা একজন ভ্লগার, অন্যদিকে সুকান্ত আইটি কর্মী হওয়ার পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দুই পরিবারের সদস্য, বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে বাগদান ও রেজিস্ট্রি সম্পন্ন করেন অনন্যা ও সুকান্ত। রেজিস্ট্রির সময় লাল বেনারসিতে ধরা দিয়েছিলেন অভিনেত্রী, আর বাগদানের অনুষ্ঠানে জমকালো গাউনে সকলের নজর কাড়েন তিনি। দুই অনুষ্ঠানেই ছিল চোখধাঁধানো ফটোশুট। সুকান্ত কুণ্ডু হলেন অনন্যার দিদি তথা অভিনেত্রী অলকানন্দা গুহর বন্ধু। দীর্ঘদিনের সম্পর্ক অনন্যা ও সুকান্তর। বহু বসন্ত একসঙ্গে কাটানোর পর অবশেষে চলতি বছরেই চার হাত এক হতে চলেছে এই জুটির।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়